ফরিদপুরে ত্রিশ হাজার পিচ ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাসি করলে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। মাদক ব্যবসায়ীরা এই রুটকে ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল। গত একমাসে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।