গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেনওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ হাসান চৌধুরী (২২), আল মোজাহিদ চৌধুরী ওরফে ছোটনের ছেলে রাফি চৌধুরী (১০) এবং একই গ্রামের নবীর হোসেনের ছেলে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মিজানুর রহমান (১৬) নিহত ফুয়াদ রাফি সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

এই ঘটনায় আব্দুল হাই মিয়ার ছেলে শাহীন মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল জানান, বিকেলে তারা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর বাড়ির উঠানে বাঁশের টং- বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তারা দ্রুত উঠানের পাশে গরু বেঁধে রাখার একটি চালা ঘরে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তেই ওই ঘরের ওপর বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন এবং একটি গরু মারা যায়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফুর রহমান জানান, বজ্রপাতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়। বর্তমানে শাহীন মিয়া নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।

একই গ্রামের তিন তরুণ কিশোরের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। বিশেষ করে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।