দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

হাওরাঞ্চলের ফসল রক্ষায় সরকারের অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবেই সাধারণ মানুষকে আজ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্গত এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে পরীক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারছে না এবং চরম ভোগান্তিতে পড়ছে। তাদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে বিবৃতিতে।