পুলিশের পোশাক অগ্রহনযোগ্য, পুরনো পোশাক’ই থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বর্তমান পোশাক নিয়ে বিতর্ক ও খোদ বাহিনীর সদস্যদের আপত্তির মুখে পুরনো ইউনিফর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৪ মে) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাকটি সাধারণ মানুষ ও বাহিনীর সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং এটি মানানসই নয়। পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে এবং বাহিনীর ঐতিহ্য ধরে রাখতে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্যান্ট হবে খাকি রঙের। শার্টের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল রঙ পুনর্বহাল করা হচ্ছে।
ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যদিও জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্বীকার করেন যে, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেও আইনশৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় প্রয়োজন।
জনগণকে স্বস্তি দিতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই পুলিশ বাহিনী তাদের পরিচিত পুরনো পোশাকে জননিরাপত্তায় পূর্ণোদ্যমে নিয়োজিত হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






