পুলিশ জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকা থেকে ২৩ জন এবং শেরেবাংলা নগর এলাকা থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতি ও বিভিন্ন জেলার নেতাকর্মীরা আছেন।

তিনি জানান, আটকরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের ঘটনা ঠেকাতে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় মিছিলের চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা করছিলেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ