জনপ্রতিনিধিরা নাগরিকের অধিকার না দিলে জনগণকে বুঝে নিতে হবে: মারদিয়া মমতাজ

মারদিয়া মমতাজ । সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৪ এর সদস্য মারদিয়া মমতাজ বলেছেন, কোনো জনপ্রতিনিধি যদি নাগরিকের প্রাপ্য অধিকার পৌঁছে না দেয়, তাহলে জনগণকে সেই অধিকার বুঝে নিতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা।
সোমবার (২৫ মে) রাজধানীর পুরানা পল্টন কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
মারদিয়া মমতাজ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে চায়। তিনি দাবি করেন, দলটির নেতৃত্ব সৎ ও যোগ্য এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো দাগ নেই। দুর্নীতিমুক্ত নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। তার ভাষ্য, জুলাইয়ের চেতনা হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ, যেখানে বৈষম্য ও ফ্যাসিবাদের স্থান থাকবে না।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও সরকার গণভোটকে গুরুত্ব দিচ্ছে না। ছাত্র-জনতা আবারও ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহীন আহমেদ খান, মাওলানা মোতাছিম বিল্লাহ, সালেহা মমতাজ, দিলারা বেগম ও পারভীন আক্তারসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






