সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবক এবং নিয়ামতপুর উপজেলার একজনকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে একসঙ্গে ৬ যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজায় আরও তিনজনকে দাফন করা হয়। একই সময়ে নিয়ামতপুর উপজেলায় একজনের দাফন সম্পন্ন হয়।

নিহতদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। এখনও এলাকাজুড়ে চলছে শোকের মাতম। রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রামে বিরাজ করছে গভীর শোক।

জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে আরও ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান তারা।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে আরও ৫ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে।”

উল্লেখ্য, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা সবাই ঈদ উদযাপনের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন।

প্রাইমটিভি/কেআর