চট্টগ্রাম-এর জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে যথাযথ নজরদারি করতে না পারার কথা স্বীকার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশের চৌকি ছিল। ঠিকভাবেই কাজ চলছিল। তবে আমাদের কিছু দুর্বলতা ছিল। সেভাবে মনিটর করতে পারিনি।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদাররা জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে বা টিকে থাকতে পারবে না। আমরা যেভাবেই হোক তাদের উচ্ছেদ করব।”

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, “এমন কোনো শক্তি নেই, যারা সেখানে নতুন করে অবস্থান নিতে পারবে।”

ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানান র‍্যাব প্রধান। তিনি বলেন, ঈদের জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি, রাতের টহল এবং নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোরবানির পশুবাহী যানবাহন যাতে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নেওয়া না হয়, সে বিষয়েও র‍্যাব সতর্ক রয়েছে।

ফাঁকা রাজধানীতে চুরি-ছিনতাই ঠেকাতে দিন-রাত অতিরিক্ত পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

প্রাইমটিভি/কেআর