মাত্র ৫৪ সেকেন্ডে পার হওয়া যাচ্ছে বিজয় সরণি, খুশি যাত্রীরা

বিজয় সরণি । প্রাইম টিভি
রাজধানীর অন্যতম ব্যস্ত ট্রাফিক সিগনাল বিজয় সরণি। সাধারণ সময়ে এই সিগনাল পার হতে একটি গাড়িকে ১০ মিনিট থেকে কখনো কখনো আধাঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে ঈদুল আজহার ছুটিতে সেই চিত্র একেবারেই ভিন্ন। এখন বিজয় সরণির সিগনাল পার হতে সময় লাগছে মাত্র ৫৪ সেকেন্ড।
সরেজমিনে দেখা গেছে, চারদিক থেকে আসা যানবাহন সিগনাল বাতি মেনে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। সড়কে ট্রাফিক পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকলেও চালকেরা সিগনাল অমান্য করছেন না। সংশ্লিষ্টরা বলছেন, এআইভিত্তিক মনিটরিং ও স্বয়ংক্রিয় মামলার আশঙ্কা চালকদের নিয়ম মেনে চলতে উৎসাহিত করছে।
একদিকে ঈদের ছুটির কারণে রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চাপ কমেছে, অন্যদিকে এআই নজরদারির কারণে সড়কে শৃঙ্খলাও বেড়েছে। ফলে দীর্ঘদিন পর নগরবাসী পাচ্ছেন স্বস্তির যাতায়াত।
চালক ও যাত্রীরা বলছেন, যানজটহীন এই পরিবেশ তাদের ভোগান্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে তাদের আশঙ্কা, ঈদের ছুটি শেষ হলে আবারও রাজধানী ফিরে যেতে পারে পুরোনো চেহারায়।
নগরবাসীর প্রত্যাশা, শুধু ঈদের ছুটির সময় নয়, বছরের প্রতিটি দিনই রাজধানীর সড়কে এমন শৃঙ্খলা ও স্বস্তি বজায় থাকুক।
সড়কে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সরকারকে ঈদের সময়ের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা অব্যাহত থাকলে রাজধানীর যানজট অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




