সুন্দরবনে পরিচালিত যৌথ অভিযানে কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।

তিনি জানান, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুন বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের বোট জব্দ করা হয়। পাশাপাশি দস্যুদের ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায়, আল-আমিন বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় দস্যুতা, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রাইমটিভি/এনজি