পর্যটননগরী কুয়াকাটার লেম্বুরবন পর্যটন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২জুন) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

জানা গেছে, লেম্বুরবন সৈকত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মহিবুল্লাহকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার বিধান অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটন এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রাইমটিভি/এমএইচ