জ্বালানি সংকট বর্তমানে দেশের বিনিয়োগ পরিবেশের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রধান গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশ।

শনিবার (১৩ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে বাংলাদেশ আগ্রহী। বিনিয়োগকারীদের জন্য একটি নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম বিনিয়োগ কেন্দ্র হতে চায় ঢাকা।”

তিনি আরও বলেন, দেশের বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।”

মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামো খাতে বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলনে দেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রাইমটিভি/কেআর