কুড়িগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই

গ্রেফতারকৃত ফেরদৌস রহমান অন্তর ও মাসুদ মিয়া । প্রাইম টিভি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৩১ মে সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীগামী একটি অটোরিকশায় যাত্রী সেজে ওঠে ছিনতাইকারী চক্রের সদস্যরা। পথে তারা চালক মো. রকি (১৯)কে কৌশলে ক্যামিক্যাল মিশ্রিত পানি পান করায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় নামিয়ে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর ভুক্তভোগীর নানা মো. রুস্তম আলী ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে থানাঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফেরদৌস রহমান অন্তর ও মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, ছিনতাই করা অটোরিকশাটি নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় জড়িত মনিনুর রহমান (২৭) নামে আরও একজন পলাতক রয়েছে বলেও তারা স্বীকার করেছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







