দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় চলতি মাসের ১২ জুন দুবাই থেকে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো আবেদনের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলছে। বাকি পাঁচটি মামলায় প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট গ্রহণের অভিযোগও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে।

দুদক জানিয়েছে, আদালতের নির্দেশে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, জমি, কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অন্তর্ভুক্ত রয়েছে।

দুদক আরও জানায়, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রমে অগ্রগতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ