ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটক করলো যুক্তরাজ্য

ছবিঃ সংগৃহীত
ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন রুশ ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এ অভিযান রাশিয়ার জন্য আরও একটি বড় ধাক্কা এবং এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধকে সহায়তা করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আড়ালে থাকতে দেওয়া হবে না।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্মির্টোস’ নামের ক্যামেরুনের পতাকাবাহী ট্যাংকারটিতে রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে চিনুক হেলিকপ্টার, সামরিক বিমান, একটি যুদ্ধজাহাজ এবং একটি মাইন অপসারণকারী জাহাজও অংশ নেয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানের পর জাহাজটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নিরাপদ নোঙরস্থলে নেওয়া হয়েছে। সেখানে পরিবেশগত ও নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো এবং বিভিন্ন দেশের পতাকাবাহী শত শত জাহাজ নিয়ে গঠিত একটি ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে তেল ও জ্বালানি রপ্তানি চালিয়ে যাচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এ ধরনের জাহাজের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে পশ্চিমা দেশগুলো।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা রাশিয়ার জ্বালানি খাতের আয়ে প্রভাব ফেলছে।
অন্যদিকে, ভ্লাদিমির পুতিন এসব জাহাজ জব্দের ঘটনাকে ‘দস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার জ্বালানি রপ্তানি ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







