ইসলামী ব্যাংককে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক- ভারপ্রাপ্ত এমডি

ছবিঃসংগৃহীত
গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ২ হাজার ৫০০ কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার ফলে ব্যাংকটির দৈনন্দিন লেনদেন স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার থেকে গ্রাহকরা স্বাভাবিকভাবে নগদ উত্তোলন করতে পারবেন। ডিজিটাল লেনদেন, এটিএম সেবা এবং চেক নগদায়ন কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটবে না। বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আমানত জমা ও উত্তোলন সমপরিমাণে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আলতাফ হোসেন আরও জানান, প্রবাসী আয়ের লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ নজর রাখা হচ্ছে। ব্যাংকের তারল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করেন গ্রাহকরা। এতে কিছু শাখা ও এটিএম বুথে নগদ সংকট দেখা দেয়।
পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল। পর্যালোচনার পর রোববার দুপুরে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





