২০১৮ সালের শিক্ষার্থীদের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের চেতনা থেকে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

আজ (১৪ জুন) এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের ১২তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ইনজামুল হক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রায়হান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন (টিটু) এবং দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাঈদ।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী গড়ে ওঠা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় সংগঠনটির যাত্রা শুরু। নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে আসছে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সড়ক নিরাপত্তাবিষয়ক জনসচেতনতা কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, ট্রাফিক আইনবিষয়ক শিক্ষা কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং সামাজিক প্রচারণা পরিচালনা করছে। পাশাপাশি নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে আসছে।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সড়ক নিরাপত্তাবিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে তরুণদের সম্পৃক্ত করে একটি দায়িত্বশীল ও নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ জোরদার করা হবে।

সাধারণ সম্পাদক মো. ইনজামুল হক বলেন, “২০১৮ সালের কিশোর বিদ্রোহ বা নিরাপদ সড়ক আন্দোলনের চেতনা আমাদের অনুপ্রেরণা। নিরাপদ সড়ককে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা গবেষণা, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে যেতে চাই।”

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

প্রাইমটিভি/এনজি