চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্বর্ণের বার ও স্বর্ণের টুকরোসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় টহল অভিযানের সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা সিকান্দার আলী (৫০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির সদস্যরা অভিযান চালায়। এ সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বর্ণ পাচারের চেষ্টাকালে সিকান্দার আলীকে আটক করা হয়।

তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এনজি