ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, দল থেকে বহিষ্কার

ছবি- সংগৃহীত
ঢাকার সাভারে দুই পিস ইয়াবাসহ সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ওই নেতার নাম তাইসির খান (১৮)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। এদিকে আটকের পর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালায় পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে দুই পিস ইয়াবাসহ তাইসির খানকে হাতেনাতে আটক করা হয়।
তাইসির খান পুলিশের হাতে আটক হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, তাইসির এক সহযোগীকে সাথে নিয়ে মাদক সেবন করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ইয়াবাসহ পুলিশের হাতে আটক এবং মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নজরে আসে। এর পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিকেলে তাকে সাভার থানা ছাত্রদলের দলীয় পদ থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







