ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন

ঈশ্বরদীতে বিচার চেয়ে বিক্ষোভ । সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, নিহতদের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী এতে অংশ নেন। একপর্যায়ে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত জামিলা আক্তারের বাবা জয়নাল আবেদিন বলেন, এক রাতে তিনি মা ও মেয়েকে হারিয়েছেন। তিনি হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নিহতের বড় বোন জেরিন জাহান মিনুও অভিযুক্তদের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বলেন, বিচার না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের মনে শান্তি ফিরবে না।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, এ নৃশংস ঘটনা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, মামলার তদন্ত দ্রুত শেষ করতে জুন মাসের মধ্যেই ডিএনএ রিপোর্ট আদালতে জমা দেওয়ার চেষ্টা চলছে। এতে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মামলার মূল অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছে। তদন্তের অধিকাংশ কাজ শেষ হয়েছে এবং ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঈশ্বরদীতে মধ্যরাতে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা এবং তার নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত শরিফকে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









