কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা, অতিরিক্ত চেকপোস্ট এবং বিশেষ অভিযান পরিচালনার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, “সারা বছরই ঢাকায় বিভিন্ন কর্মসূচি থাকে। সামনে ১০ মহররমের পবিত্র আশুরা এবং ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে অতীত অভিজ্ঞতার আলোকে নতুন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। এস এন নজরুল ইসলাম বলেন, “নিরাপত্তা জোরদারে নতুন চেকপোস্ট স্থাপন করা হচ্ছে এবং নিয়মিত অপারেশনাল কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।”

পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর পুলিশের যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে বাহিনীকে নিয়মতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে রাজধানীর ওয়ারী এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল এবং তার তিন সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহারকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরা হয়।

পুলিশ জানায়, সজলের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি এবং হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৭ রাউন্ড গুলির মধ্যে পাঁচ রাউন্ড পুলিশি অস্ত্রের গুলি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্যমতে, সজলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। গত মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের সরবরাহকারী হিসেবেও তাকে সন্দেহ করা হচ্ছে।

ডিএমপির দাবি, পরিবহন শ্রমিকের আড়ালে সজল দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিল এবং রাজধানীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।

প্রাইমটিভি/কেআর