একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

ছবি- সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন আল মুজাহিদী। প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন।
আল মুজাহিদী একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, অনুবাদক ও গবেষক হিসেবে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, পৃথিবীর ধুলো, সৌর জোনাকি, ভিতা নুওভা, অ্যাকাডেমাসের বাগান, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, সন্ধ্যার বৃষ্টি, পাখির পৃথিবী, আলবাট্রাস, ভঙ্গুর গোলাপ, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি এবং পালকি চলে দুলকি তালেউপন্যাসের জগতে তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ, রুপোলি রোদ্দুর, আলোর পাখিটা, ছুটির ছুটি, খোকার আকাশ এবং খোকার যুদ্ধ।
এ ছাড়া গল্প, শিশুসাহিত্য, অনুবাদ, প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ রচনার মাধ্যমে তিনি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার অনূদিত গ্রন্থগুলোর মধ্যে কাইফি আজমির কবিতা, আহমদ ফরাজের কবিতা, উর্দু কবিতা, হিন্দি কবিতা এবং হাইনরীশ হাইনের কবিতা উল্লেখযোগ্য।
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীম উদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ একাধিক সম্মাননা অর্জন করেন। সর্বোপরি তিনি একুশে পদকে ভূষিত হন।
তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যপ্রেমীরা মনে করছেন, আল মুজাহিদীর মৃত্যুতে বাংলা সাহিত্য এক নিবেদিতপ্রাণ কবি ও সৃজনশীল ব্যক্তিত্বকে হারালো।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





