উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। সবকিছু ঠিক থাকলে পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।

বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। আফরোজা আব্বাস জানান, সেখানে মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং তাঁর নিয়মিত থেরাপি চলছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।

১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ উন্নত চিকিৎসার লক্ষ্যে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

মির্জা আব্বাসের অসুস্থতার সময়ে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা এবং প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরোজা আব্বাস। তিনি তাঁর স্বামীর পরিপূর্ণ সুস্থতার জন্য আবারও সকলের কাছে দোয়া চেয়েছেন।