ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শনিবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, এনসিপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আলী আহসান জুনায়েদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এখন থেকে ছাত্রশক্তিকে গাইড করবেন জুনায়েদ এবং এর মধ্য দিয়ে ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় তিনি এনসিপির দায়িত্বশীলদেরও ধন্যবাদ জানান।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করে।

উল্লেখ্য, ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানে কেন্দ্রীয়ভাবে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আলোচনায় আসেন আলী আহসান জুনায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। পাশাপাশি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রাইমটিভি/এনজি