২০১০ বিশ্বকাপের স্মরণীয় গান ‘ওয়াকা ওয়াকা’-এর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করলেন। তবে তার এবারের পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে ‘দাই দাই’ নামের অফিশিয়াল থিম সং পরিবেশন করেন শাকিরা। ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে অনুষ্ঠিত এই পারফরম্যান্স ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

তবে পারফরম্যান্স শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেক দর্শক দাবি করেন, মঞ্চে উপস্থিত শিল্পীর শারীরিক ভঙ্গি, চলাফেরা এবং মুখাবয়ব শাকিরার স্বাভাবিক উপস্থিতির সঙ্গে পুরোপুরি মিলছিল না।

কিছু ব্যবহারকারী এমনও দাবি করেন যে, পারফরম্যান্সে শাকিরার বদলে তাঁর ‘ডামি’ বা বডি ডাবল ব্যবহার করা হতে পারে। বিশেষ করে একটি নাচের স্টেপ মিস হওয়া এবং পুরো পারফরম্যান্সে গাঢ় রঙের সানগ্লাস ব্যবহারের বিষয়টি সন্দেহের জন্ম দেয়।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ দর্শক শাকিরার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিভিন্ন ক্লিপ শেয়ার করে আলোচনা তৈরি করেছেন।

এছাড়া অনলাইনে জনপ্রিয়তা পাওয়া ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী ‘শাকিবেকা’র সঙ্গে শাকিরার চেহারার মিল নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

তবে এই বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব মিলিয়ে বিশ্বকাপ মঞ্চে শাকিরার পারফরম্যান্স প্রশংসার পাশাপাশি নতুন এক অনলাইন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/কেআর