অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেলমেটে বাউন্সারের আঘাত পাওয়ার পর অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সতর্কতামূলকভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর চিকিৎসকদের অনুমতিতে তাকে বাসায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যাচ শেষে মিরাজকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাসায় যাওয়ার অনুমতি দেন।

নাফিস ইকবাল আরও জানান, ম্যাচ চলাকালে নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করলে তিনি বমি করেন, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তোলে। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি আবারও ব্যাটিংয়ে ফিরে আসেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

হাসপাতালে মিরাজের দুটি স্ক্যান করা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পরীক্ষার ফলাফল স্বাভাবিক এসেছে এবং কোনো জটিলতা ধরা পড়েনি।

তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শনিবারের অনুশীলনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা চিকিৎসক ও ফিজিওর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রাইমটিভি/কেআর