মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

ছবি- সংগৃহীত
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা।
দীর্ঘদিন ধরে চোটে ভোগা নেইমার পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। দলের মেডিকেল স্টাফের পরামর্শে তাকে বিশ্রামে রাখা হয়েছে। এছাড়া শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন এনে ওয়েসলির জায়গায় এডারসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ব্রাজিলের জন্য নেইমারের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ক্ষতি। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথেউস কুনহার মতো আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর ভরসা রাখছে দলটি।
অন্যদিকে, মরক্কোও ইনজুরি সমস্যায় জর্জরিত। দলটির কোচ মোহামেদ ওহাবি জানিয়েছেন, চোটের কারণে অভিজ্ঞ সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ এবং তারকা ফরোয়ার্ড আবদে এজ্জালজৌলি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। এছাড়া আরও কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় ভুগছেন।
দুই দলেরই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি ম্যাচটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। তবুও শক্তিশালী স্কোয়াড নিয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চাইবে ব্রাজিল, আর আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো চমক দেখানোর অপেক্ষায়।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথেউস কুনহা।
মরক্কোর সম্ভাব্য একাদশ
ইয়াসিন বৌনৌ, আশরাফ হাকিমি, দিওপ, রিয়াদ, নুসাইর মাজরাওই, বৌয়াদ্দি, আজেদিন ওনাহি, দিয়াজ, বিলাল এল খান্নোস, আবদে এজ্জালজৌলি, ইলিয়াস সাইবারি।
মরক্কোর বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার প্রথম পরীক্ষা। নেইমার না থাকলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









