ফ্লাইট জটিলতায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে দেরি, ভোগান্তিতে উরুগুয়ে দল

ছবি- সংগৃহীত
ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেক্সিকো থেকে উরুগুয়ের জাতীয় দলের ফ্লাইট দেরিতে ছেড়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
দলটির বেস ক্যাম্প প্লায়া দেল কারমেন থেকে ফ্লোরিডার মায়ামিতে উড়াল দেওয়ার কথা ছিল। এ বিষয়ে উরুগুয়ান ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, “এইউএফ-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো ছাড়তে দেরি হয়েছে। স্কোয়াড হোটেলে বিশ্রাম নিচ্ছে।”
পরে ফিফা বিলম্বের কারণ ব্যাখ্যা করে। সংস্থাটি এ ঘটনার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাকে দায়ী করেছে।
ফিফা জানায়, “মেক্সিকোর একটি বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিতে উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে।”
সংস্থাটি আরও জানায়, “ওই এয়ারলাইন এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে। বিলম্ব হওয়ার সময়ে ফিফা উরুগুয়ের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছিল এবং দলের ভ্রমণ ব্যবস্থাপনা সহজ করতে বিমানবন্দর ও পরিচালন অংশীদারদের সঙ্গে কাজ করেছে।”
দেরিতে মায়ামিতে পৌঁছানোর কারণে উরুগুয়ের সংবাদ সম্মেলনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে সূচিতে পরিবর্তন এলেও দলের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, ফ্লাইট-সংক্রান্ত পরিস্থিতি তার দলের জন্য কোনো সমস্যা তৈরি করেনি।
সোমবার সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








