সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমেও আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৬০ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে নতুন কয়েকটি রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ইতিহাসে এটি তার প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে বিশ্বকাপে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

আলজেরিয়া ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবেও ইতিহাসে নাম লেখান মেসি। ঠিক দুই দশক আগে যে দিনে তিনি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিলেন, সেই দিনেই গড়লেন এই অনন্য কীর্তি।

এদিন দেশের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন মেসি। এর মাধ্যমে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল মুতাওয়ার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রথম ম্যাচে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা আগামী ২২ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

প্রাইমটিভি/এনজি