ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন হুমাম কাদের চৌধুরী।

রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, তার এখানে থাকার কথা ছিল না। তার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আল্লাহর অশেষ দয়ায় আজ সংসদে আসার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন হুমাম কাদের চৌধুরী। নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা অনেক দীর্ঘ যাত্রা।

তিনি দাবি করেন, টানা সাত মাস গোপন বন্দিশালা আয়নাঘরে আটকে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই গুম প্রতিরোধে নতুন আইন কে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে সরকার বদ্ধপরিকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে বিকেল তিনটা তেইশ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।