ঈদুল আজহার তৃতীয় দিন শেষে গত ৭২ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার সন্ধ্যায় গুলশান-২ এলাকায় ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা নগরবাসীর সচেতনতা ও সহযোগিতার ফল।

ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, ডিএনসিসির আওতাধীন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে ইতোমধ্যে চারটি হাটের বর্জ্য সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। বাকি হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে প্রশাসক অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি ও স্বার্থান্বেষী গোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, যার মাধ্যমে সরকারের ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি সবাইকে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সঠিক তথ্য যাচাই করে গ্রহণ করার অনুরোধ করেন।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, সময়মতো বর্জ্য অপসারণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ দল কাজ করেছে এবং নগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/কেআর