মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  


মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সন্তোষ-এ অবস্থিত ঐতিহাসিক সমাধিস্থলে পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সমাধি প্রাঙ্গণে পৌঁছে প্রথমে মওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। পরে তার রুহের মাগফিরাত কামনায় সুরা দুয়া পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মওলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের প্রকৃত নেতা। তার আপসহীন নেতৃত্ব এবং অধিকার আদায়ের সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভাসানীর দেখানো গণমুখী পথ অনুসরণ করেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।  


প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কৃষকের ভাগ্য পরিবর্তনের যে স্বপ্ন মওলানা ভাসানী দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং উন্নয়নমূলক কর্মসূচির সূচনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পন্ন হয়।