ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল যবিপ্রবি: পণ্ড উপাচার্যের মতবিনিময় সভা

প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সদ্য যোগদান করা উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে চরম হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবস্থিত অধ্যাপক ড. শরীফ হোসেন গ্যালারিতে এ ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
গত ১৫ এপ্রিল যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তাঁর অভিষেক উপলক্ষে শিক্ষার্থীদের মতামত জানতে শনিবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করে প্রশাসন। সভা চলাকালীন ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতির পক্ষে কথা বললেও সাধারণ শিক্ষার্থীদের একাংশ তার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিলে বিপরীতে ছাত্রদল সমর্থিতরা গুপ্ত গুপ্ত বলে চিৎকার করতে থাকে।
হট্টগোল চরম পর্যায়ে পৌঁছালে শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে উপাচার্য সভাস্থল ত্যাগ করে নিজ দপ্তরে চলে যান। এরপর দুই পক্ষই প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রদল সমর্থিতরা ‘ভিসি স্যারের অপমান সইবো না’ ও ‘মববাজি চলবে না’ বলে স্লোগান দেয়। অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে রাজনীতি চলবে না’ চলবে না বলে স্লোগান দিতে দেখা যায়।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কারণে অতীতে হত্যা ও টেন্ডারবাজির মতো ঘটনা ঘটেছে, তাই তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী সালেক খান দাবি করেন, তাঁরা কোনো রাজনীতি নয় বরং শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলছিলেন, কিন্তু কিছু শিক্ষার্থী ‘মব’ সৃষ্টি করে উপাচার্যকে অপমান করেছে।
উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর কঠোর বার্তা দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের ১০৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ। তিনি বলেন, রাজনৈতিক ব্যানার বা প্রত্যক্ষ কর্মকাণ্ডের কোনো সুযোগ এখানে নেই। ক্যাম্পাসে মববাজি ও বিশৃঙ্খলা নির্মূলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

District Correspondent
© 2026 Prime Tv. All rights reserved.









