নিয়োগ পরীক্ষায় কড়া নজরদারি, জানালার ফাঁক দিয়ে হলের পরিবেশ দেখলেন শিক্ষামন্ত্রী

সংগৃহীত
শনিবার (১৮ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তবে তার এই পরিদর্শনের ভঙ্গি ছিল অন্য আটদশটি সাধারণ পরিদর্শনের চেয়ে সম্পূর্ণ আলাদারূপের।
ভেতরে পরীক্ষার্থীরা যখন গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছিলেন, মন্ত্রী তখন নিঃশব্দে বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে হলের শৃঙ্খলা ও স্বচ্ছতা পরখ করছিলেন।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশিত হওয়ার পর তা নেটিজেনদের দৃষ্টি কাড়ে। অনেককে বলতে শোনা যায়, কেন্দ্রের ভেতরে প্রবেশ করে পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন না ঘটিয়ে বাইরে থেকে এমন পর্যবেক্ষণ প্রকৃত তদারকির একটি উদাহরণ।
এদিন সকালে পরীক্ষা শুরু হওয়ার পর শিক্ষামন্ত্রী সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি সামগ্রিক পরীক্ষা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এবং তিনি সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনোভাবেই যেন নিয়োগ পরীক্ষা প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে।
উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে চার ধাপে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছিল কর্তৃপক্ষ।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









