জামায়াতে ইসলামী একটি ভদ্র ও সুশৃঙ্খল দলঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছবিঃপ্রতিনিধি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের এক নতুন বার্তা দিয়েছেন। ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সংসদীয় আচরণের ভূয়সী প্রশংসা করেন।
এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জামায়াতে ইসলামীকে একটি ভদ্র ও সুশৃঙ্খল দল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সংসদে তারা খুবই ডিসিপ্লিন্ড এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করে। তারা নিয়মকানুন মেনে চলেন এবং এমনকি পাশের লোকের সঙ্গেও অপ্রয়োজনীয় কথা বলেন না। জামায়াত একসময় বিএনপির মিত্র দল ছিল উল্লেখ করে তিনি ভবিষ্যতে বিএনপি ও জামায়াতকে মিলেমিশে চলার আহ্বান জানান। রাজনৈতিক প্রতিহিংসা পরিহারের ওপর জোর দিয়ে স্পিকার আরও বলেন, দলবাজি আর কেউ করবেন না। মতাদর্শের কারণে কাউকে হয়রানি করাও উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, যারা বিগত মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্য যেন কোনো ভাবেই না ভাঙে। এই ঐক্য ভাঙলে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ ও লুণ্ঠনের রাজত্ব পুনরায় ফিরে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, অন্যায়, অবিচার ও লুটপাটের কারণেই তাদের ওপর আল্লাহর গজব পড়েছে। ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা দেশকে মাফিয়া শাসন থেকে মুক্ত করে উন্নয়নের পথ সুগম করেছে। ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে স্পিকার বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে যে বিএনপি আওয়ামী লীগের মতো সম্পদ লুটপাট বা বিদেশে পাচার করবে না। তিনি আগামীতেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন, যেখানে মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সবশেষে তিনি ভোলা-৩ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পদের চেয়ে জনগণের ভালোবাসাই তাঁর কাছে বড় সম্পদ। অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন।

District Correspondent
© 2026 Prime Tv. All rights reserved.









