দুই মাসেই ৬০ উদ্যোগ, নেতৃত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

Photo: PMO Page
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার, ১৮ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বিকেল সাড়ে ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে সরকারের নেয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ করছেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। একইসাথে কৃষকদের জন্য চালু হয়েছে কৃষক কার্ড, যার মাধ্যমে হাজার হাজার প্রান্তিক কৃষক পাচ্ছেন সরাসরি সুবিধা। এছাড়া প্রায় ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ, নদী খনন কার্যক্রম, জ্বালানি দামের নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের ভাতা প্রদান এবং দরিদ্রদের সহায়তায় বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
অর্থনীতি শক্তিশালী করতে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণে নেয়া হয়েছে নানা উদ্যোগ। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বড় ধরনের পরিবর্তনের কথা জানানো হয়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড চালু এবং শিক্ষাবৃত্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও ডিজিটাল সেবা সম্প্রসারণেও নেয়া হয়েছে বহুমুখী উদ্যোগ। মাহদী আমিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Nazmul Gazi
© 2026 Prime Tv. All rights reserved.









