সংবাদকর্মী ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য সুখবর দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, সরকার খুব দ্রুত দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জানান, ২০১৯ সালে ৯ম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশ করা হলেও মালিক ও সাংবাদিক পক্ষের মধ্যে আয়কর সংক্রান্ত মত-পার্থক্যের কারণে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে এই সংক্রান্ত ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তবে এই আইনি জটিলতা নিরসনের পাশাপাশি নতুন ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা ডিজিটাল হয়রানি রোধে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন করা হয়েছে। এছাড়া ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে, যেখানে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষিত থাকবে। ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট’কেও বর্তমান সময়ের উপযোগী করে সংশোধনের কাজ চলছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মেধাবী সন্তানদের বৃত্তি এবং গত রমজানে ২ হাজার পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

সম্প্রচার মাধ্যম নিয়ে মন্ত্রী জানান, বর্তমানে ৩৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে রয়েছে এবং নতুন কোনো চ্যানেলের অনুমোদন এই মুহূর্তে প্রক্রিয়াধীন নেই।