দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটিই হবে তার প্রথম পৈতৃক ভিটা সফর। এই সফরকে কেন্দ্র করে বগুড়া জুড়ে বইছে উৎসবের আমেজ, বিশেষ করে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম সেজেছে নতুন সাজে।

 

​প্রধানমন্ত্রীর এই একদিনের সফরটি যেমন আবেগঘন, তেমনি বগুড়াবাসীর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।

প্রায় দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। এছাড়াও শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড(অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সর্বশেষ বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানা গেসে।

 

​২০০৬ সালে শেষবার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে বাগবাড়িতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর সেই কিশোর বা তরুণ তারেক রহমানকে এখন প্রধানমন্ত্রী হিসেবে দেখার অপেক্ষায় রয়েছেন ৬৬ বছর ধরে, জিয়া পরিবারের ভিটা দেখাশোনা করা বৃদ্ধ আবদুস সাত্তার। ৮০ বছর বয়সী এই বৃদ্ধের চোখে এখন আনন্দাশ্রু—একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার বিরল সৌভাগ্যের সাক্ষী হতে যাচ্ছেন এই ব্যক্তি।