চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ হবে দেশের স্বার্থ রক্ষা করেঃ নৌপরিবহন মন্ত্রী

ছবি- সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নিশ্চয়তা দেন।
মন্ত্রী বলেন, বিদেশি কোম্পানির বিনিয়োগের বিষয়ে শ্রমিকদের কিছু দাবি ও আন্দোলন রয়েছে। তবে যদি দেখা যায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে, তবেই সরকার সেদিকে চিন্তাভাবনা করবে। দেশের স্বার্থ নিশ্চিত হলে শ্রমিকরাও আন্তরিক হবেন বলে আমি বিশ্বাস করি।
বন্দরে বিনিয়োগের বৈশ্বিক প্রতিযোগিতার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, শ্রীলঙ্কা বা ভিয়েতনামের মতো দেশগুলো যেভাবে বিনিয়োগকারীদের সুবিধা দিচ্ছে, আমাদেরও সেই প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তিনি আরও জানান, ল্যান্ডলর্ড মডেল এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে কিছু নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের কিছু প্রতিষ্ঠান এখানে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যা কনটেইনার টার্মিনালগুলোর দক্ষতা বৃদ্ধি করবে।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসা মন্ত্রী বন্দরের বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন বলে জানান। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। কিছু এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলো ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বিবেচনায় একে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









