ময়মনসিংহের তারাকান্দায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাকান্দা বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে রোববার বিকেল ৩টায় তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল সমর্থিত গোষ্ঠী। একই সময়ে এবং একই স্থানে পাল্টা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারে’র অনুসারীরা।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অনড় অবস্থানে এলাকায় সংঘাতের আশঙ্কা তৈরি হয়। জননিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে। এছাড়া লাঠিসোঁটা, দা কিংবা আগ্নেয়াস্ত্র বহনও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে দুপুর থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আকস্মিক এই ১৪৪ ধারার কারণে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসায়িক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা নেমে এসেছে।