আসন্ন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আদালত পাড়া। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন নীল প্যানেলের বিরুদ্ধে নির্বাচন বাধাগ্রস্ত করা এবং একতরফা করার চেষ্টার অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট সমর্থিত সবুজ প্যানেল। রোববার (১৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সবুজ প্যানেলের পক্ষে অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি দাবি করেন, ভোটগ্রহণের আগেই নির্বাচনী ব্যবস্থায় একটি বিশেষ মেকানিজম করার লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট হওয়া এবং ভোট গণনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

শিশির মনির আরও বলেন, আমরা এই অনিয়মগুলো নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না। তাই আমাদের দায়িত্ব হলো সাধারণ আইনজীবী ও জনগণকে জানানো যে, এখানে একটি সাজানো নির্বাচনের নীল নকশা হচ্ছে। এ সময় তিনি নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০ হাজারের বেশি ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে প্রধান দুটি প্যানেলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সাধারণ আইনজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।