দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় দেশের তিন অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) রাতে প্রকাশিত সারাদেশের সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিনের গরমের পর ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর আকাশ মেঘে ঢেকে যায় এবং দুপুর ২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কর্মজীবীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হলেও অনেকেই তীব্র গরমের পর স্বস্তি অনুভব করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে এবং আগামী সপ্তাহেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।