পুলিশের ইউনিফর্ম পরিবর্তন স্থগিতের দাবি, সরকারকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং এ সংক্রান্ত সব প্রশাসনিক কার্যক্রম স্থগিতের দাবিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নোটিশ প্রদানকারীদের অন্যতম আইনজীবী মো. শাহিনুজ্জামান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) বরাবর পাঠানো হয়েছে।
আইনজীবী শাহিনুজ্জামান বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের নামে কোটি কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসা উচিত। নোটিশে পূর্বের এবং বর্তমান—উভয় ধরনের ইউনিফর্ম ব্যবহারের নির্দেশনা চাওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, অযৌক্তিকভাবে বারবার ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ রাষ্ট্রীয় কোষাগারের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। ২০২৫ সালে পুলিশ ড্রেস রুলস সংশোধনের মাধ্যমে ইউনিফর্ম পরিবর্তনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। নতুন করে আবার ইউনিফর্মের রং ও নকশা পরিবর্তনের উদ্যোগ নিলে তা প্রশাসনিক অস্থিরতা ও অর্থের অপচয় হিসেবে বিবেচিত হবে।
নোটিশদাতারা আরও বলেন, শুধুমাত্র ইউনিফর্ম পরিবর্তনের মাধ্যমে পুলিশ বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার আনা সম্ভব নয়। বরং পেশাদারিত্ব, মানবাধিকার চর্চা, জবাবদিহিতা, প্রশিক্ষণ এবং সেবার মানোন্নয়নই প্রকৃত সংস্কারের পথ।
তারা দাবি করেন, বর্তমান অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, স্বাস্থ্যখাতের সংকট ও জনদুর্ভোগের সময়ে এমন ব্যয় অগ্রাধিকার পাওয়া উচিত নয়। এতে রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনা নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নোটিশে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— ইউনিফর্ম পরিবর্তনসংক্রান্ত সব প্রস্তাব, অনুমোদন, ক্রয় ও বাস্তবায়ন কার্যক্রম অবিলম্বে বন্ধ করা; এ পর্যন্ত ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করা; নতুন করে কোনো সরকারি অর্থ ব্যয় না করা; এবং প্রয়োজনে ধাপে ধাপে বিদ্যমান মজুদ পোশাক ব্যবহারের ব্যবস্থা করা।
এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.






