ভৈরবে নিখোঁজের ছয় দিন পর তানভীর আহম্মেদ মুজাহিদ নামে সাত মাস বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগের তীর শিশুটির জন্মদাতা পিতা মিরাজ মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিরাজ মিয়া পলাতক রয়েছে।আজ বৃহস্পতিবার  সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের একটি নির্জন ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।​

 এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মানিকদী পূর্বকান্দা গ্রামের মিরাজ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক ও পারিবারিক কলহের জেরে গত সপ্তাহে মিরাজ ও তার স্ত্রী তাসলিমা বেগমের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাসলিমা তার সাত মাসের সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

​পরদিন শিশুর শরীর খারাপ হওয়ার খবর পেয়ে দাদী রাবেয়া বেগম ওষুধ কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসেন। পরে বাবা মিরাজ মিয়া শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যায় এবং একপর্যায়ে দাবি করে যে, সে শিশুটিকে বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় মা তাসলিমা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ সেই নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির পাশের এক নির্জন ডোবায়।

 পরে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ।