চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মন্দির উদ্বোধন’কালে ক্যাম্পাসে দলীয়করণের কোনো সুযোগ নেই বললেন অর্থমন্ত্রী

ছবিঃ প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কেবল লেখাপড়া করবে, এখানে কোনোভাবেই দলীয়করণের সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত 'সরস্বতী জ্ঞান মন্দির' উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে বা বিশৃঙ্খলা ঘটাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু উচ্ছৃঙ্খল লোক সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে উল্লেখ করে তিনি বলেন, তাদের কোনো দল নেই এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বই বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী হওয়ায় আমরা তুলনামূলক ভালো অবস্থানে আছি। তিনি আরও উল্লেখ করেন যে, পার্শ্ববর্তী দেশ ভারতসহ পাশ্চাত্যের অনেক দেশ জ্বালানির দাম কয়েক গুণ বাড়ালেও বাংলাদেশ সাধারণ মানুষের কথা চিন্তা করে অনেক দেরিতে এবং অত্যন্ত সামান্য পরিমাণ দাম বাড়িয়েছে। অনেক দেশে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কারফিউ পর্যন্ত দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি।
এর আগে অর্থমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়েও আলোকপাত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.







