গরমে বাড়ছে মেনিনজাইটিসের ঝুঁকি, সতর্ক করছেন চিকিৎসকরা

ছবিঃ সংগৃহীত
গরম পড়তেই বাড়ছে ভাইরাস ও ব্যাক্টেরিয়ার দাপট। ঘরে ঘরে জ্বর আর পেটের সমস্যার পাশাপাশি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মেনিনজাইটিস নামের এক মারাত্মক রোগ।
চিকিৎসকদের মতে, মেনিনজাইটিস সাধারণত ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। এগুলো নাক বা শ্বাসনালির মাধ্যমে শরীরে ঢুকে প্রথমে সেখানে বাসা বাঁধে, পরে ছড়িয়ে পড়ে মস্তিষ্কে। বিশেষ করে গরমের সময় ব্যাক্টেরিয়াল মেনিনজাইটিসের ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে গেলে নিসেরিয়া মেনিনজাইটিডিস নামের এক ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। এটি খুব সহজেই শরীরে প্রবেশ করে মস্তিষ্কে আঘাত হানে।
আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দেয় একটি স্বচ্ছ আবরণ, যাকে বলা হয় মেনিনজেস। এই আবরণে সংক্রমণ বা প্রদাহ হলেই সেটিকে মেনিনজাইটিস বলা হয়। ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক বা পরজীবী যে কোনো কারণে এই রোগ হতে পারে। এই রোগ মূলত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। ফলে দ্রুত মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। শুরুতে মাথা ঘোরা, বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা দেখা দিলেও পরে তা গুরুতর আকার নিতে পারে মেনিনজাইটিসের সাধারণ লক্ষণ হলো জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, বারবার বমি, খিঁচুনি, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং শরীরে র্যাশ। শিশুদের ক্ষেত্রে এই লক্ষণ আরও বেশি তীব্র হতে পারে।
চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নিলে এই রোগ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষা করানো জরুরি। এমআরআই, সিটিস্ক্যান এবং লাম্বার পাংচার পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করা হয়। মেনিনজাইটিসে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ইনজেকশন দিতে হয়। অনেক ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত চিকিৎসা চলতে পারে।
তাই এই গরমে সতর্ক থাকুন। পরিষ্কার পরিবেশে থাকুন, অসুস্থতা অবহেলা করবেন না। কারণ সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









