যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত চায় বাংলাদেশঃ শামা ওবায়েদ

ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, এই নির্মম হত্যাকাণ্ডের পর থেকে ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং এফবিআইসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ছেলেটির মরদেহ উদ্ধার করা হলেও মেয়েটির মরদেহ এখনও পাওয়া যায়নি। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সকল স্টেকহোল্ডারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।”
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইতোমধ্যেই নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন। জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, “মরদেহের অটোপসি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করছে।” পাশাপাশি নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়েও সকল প্রকার কূটনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
একই অনুষ্ঠানে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজের যাতায়াত প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি আমাদের জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাবে। আমরা যতদূর জানি, জাহাজগুলো নিরাপত্তার সঙ্গেই এগিয়ে আসছে এবং এ বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থী হত্যার তদন্ত সম্পন্ন করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.






