দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নেই ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, দেশে পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে শুধু উচ্চশিক্ষায় উৎসাহিত করে দেশে বেকারত্ব বাড়ানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকৃত কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। কর্মমুখী শিক্ষাই ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইমটিভি/বিএম