ওটিটির মাধ্যমেই কামব্যাক করবেন ক্যাটরিনা কাইফ

ছবি- সংগৃহীত বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন। তবে এবার বড়পর্দায় নয়, ওটিটি (OTT) প্ল্যাটফর্মের হাত ধরেই কামব্যাক করতে যাচ্ছেন এই গ্ল্যামার কন্যা। মা হওয়ার পর রুপালি পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তবে বিরতি কাটিয়ে কাজে ফেরার জন্য ইতিমধ্যেই তার কাছে জমা পড়েছে একাধিক নামী পরিচালকের চিত্রনাট্য। চিত্রনাট্যগুলো বেশ মনোযোগ দিয়ে পড়ছেন এবং যাচাই-বাছাই করছেন নায়িকা।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরা, তাই ক্যাটরিনার নজরে যে একটি তুখোড় ও জবরদস্ত গল্পই থাকবে, তা বলাই বাহুল্য। ওটিটির ডিজিটাল দুনিয়ায় পা রাখার জন্য তিনি এমন একটি চরিত্রের সন্ধানে আছেন, যা দর্শকদের চমকে দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শ্যুটিং ফ্লোরে পা রাখবেন তিনি। তবে চিত্রনাট্য চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চান না এই অভিনেত্রী। সময় নিয়ে সেরা কাজটিই বেছে নিতে চান তিনি।
তবে ক্যারিয়ারের এই নতুন ইনিংসের পরিকল্পনার পাশাপাশি আপাতত ক্যাটরিনার পুরো ধ্যানজ্ঞান জুড়ে রয়েছে তাঁর সন্তান। ছেলে বিহান কৌশলকে ঘিরেই কাটছে তার বর্তমান দিনগুলো। মাতৃত্বের এই সুন্দর সময়টা উপভোগ করার পাশাপাশি খুদেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। মাতৃত্বের দায়িত্ব সামলে নতুন বছরে এক নতুন ক্যাটরিনাকে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি ভক্ত।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







