ভারতের কলকাতায় সস্ত্রীক অবস্থানকালে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই হেনস্তার শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, সেখানে বলার মতো তেমন কোনো ঘটনাই ঘটেনি।

এর আগে, গত মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী এক সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি চাউর হয়। ওই পোস্টে দাবি করা হয়েছিল—গত সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলের সামনে মোশাররফ করিম ও তার স্ত্রীকে লক্ষ্য করে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক কটূক্তি ও গালিগালাজ করে, যা একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়।

e79bc150-3aed-11f0-8519-3b5a01ebe413.jpg

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই কথিত ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট করতে শুরু করেন।

পরিস্থিতি বিবেচনায় পুরো বিষয়টি পরিষ্কার করতে মুখ খোলেন মোশাররফ করিম। তিনি সংবাদমাধ্যমকে বলেন: "যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।"

কলকাতায় অবস্থান প্রসঙ্গে অভিনেতা জানান, তিনি মূলত ঘুরতে পছন্দ করেন এবং সেই সুবাদেই এবার স্ত্রীকে নিয়ে কলকাতায় এসেছেন। আগামী তিন-চার দিনের মধ্যেই তারা ঢাকায় ফিরে আসবেন বলে নিশ্চিত করেছেন। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো অতিরঞ্জিত বা যাচাইবিহীন তথ্যে কান না দেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

প্রাইমটিভি/বিএম